তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আহত যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আহত অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৬ বছর।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে, রবিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে কারওয়ান বাজারের ফলপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে থানার এসআই কাইয়ুম আলী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।