অনুপস্থিত থেকেও খাতায় সই, দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ

অনুপস্থিত থেকেও খাতায় সই, দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ

সংগৃহীত ছবি

 

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের আকস্মিক পরিদর্শনের পর নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

শোকজপ্রাপ্ত দুই এসিল্যান্ড হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। তবে তাৎক্ষণিকভাবে বাকি ১৬ কর্মকর্তা-কর্মচারীর বিস্তারিত নাম পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, এদিন সকালের দিকে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা তিন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তিনি নানা অনিয়ম ও অসংগতি খুঁজে পান। এর প্রেক্ষিতে দুই এসিল্যান্ডসহ তিন ভূমি অফিসের ১৮ জনকে শোকজ করা হয়েছে। তাদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, এদিন সকালে নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং উপস্থিত না হয়ে আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।