আগস্টে চাঁদপুর লিগ্যাল এইডে ১৩৮ মামলা নিষ্পত্তি, আদায় ৭৭ লাখ টাকা
সংগৃহীত ছবি
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আগস্ট মাসের কার্যক্রমে ১৩৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময় ১৩৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয় এবং জরিমানা হিসেবে আদায় হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা আরও জোরদার, মামলা আপস-নিষ্পত্তির হার বৃদ্ধি এবং জেলা লিগ্যাল এইডের নিজস্ব ভবন নির্মাণে সরকারি জায়গা খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়।
চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহারের সভাপতিত্বে সভায় জানানো হয়, আগস্ট মাসে লিগ্যাল এইডের মাধ্যমে ১২টি মামলা দায়ের এবং ৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ১০২টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে ৪০টি সফলভাবে নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ মাসে ১৩৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সভাপতির বক্তব্যে সামছুন্নাহার বলেন, হতদরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কমিটি সার্বক্ষণিক কাজ করছে। প্রচার-প্রচারণা বাড়ার ফলে মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে। ফলে আগের তুলনায় বেশি মানুষ আইনি সহায়তা নিতে আসছেন এবং আপস-নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে।
সভায় জেলা চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীমের সঞ্চালনায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।