নাটোরে অটোভ্যান চাপায় শিশু নিহত
ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে আহত হয়ে সাফিয়া খাতুন (৪) নামে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দুপুরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এর আগে রবিবার জোনাইল-নগর সড়কের চৌমুহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিয়া খাতুন উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামের ইউনুস আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান জানান, দুপুরে শিশুটির পিতা রাস্তার পাশে পাট শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। তখন শিশুটি তার বাবার পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান রাস্তায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে সন্ধ্যায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।