ঢাবি প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। এর আগে ওসমান জামাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান গোপাল চন্দ্র ত্রিবেদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন।
অনুষ্ঠানে প্রদর্শনীর কিউরেটর কান্তিদেব অধিকারী শুভেচ্ছা বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। নিরীক্ষাধর্মী শিল্পকর্মে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন পল্লবী বিশ্বাস ও রাহেলী রুবাইয়াত। একই বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছেন সজীব দত্ত ও বসুন্ধরা সরকার।
জলরং বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন প্রগতি চাকমা ও শুভজিৎ পাল। পেনসিল বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন সোহাগ রায় ও অমিয় পাল।
এছাড়া, শিল্পী শফিকুল আমীন স্মৃতি পুরস্কার পেয়েছেন জাহিন রাঈদা মাইশা ও সুষমা সাদাফ মিথী। শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছেন বাপ্পী পাল ও নকীব জাহাঙ্গীর।
শিল্পী আমিনুল ইসলাম স্মৃতি পুরস্কার পেয়েছেন ইশতিয়াজ হোসেন ও সুনয় চাকমা। শিল্পী শওকাতুজ্জামান স্মৃতি পুরস্কার পেয়েছেন মো. জাকারিয়া ইসলাম ও অংকিতা মিত্র।
প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যম ও ধারার শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পের নানা রূপ ও শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রকাশ ঘটেছে প্রদর্শনীর প্রতিটি আয়োজনে।