মাছের সঙ্গে এ কেমন শত্রুতা
সংগৃহীত ছবি
সিলেটের বিশ্বনাথে এক মৎস্যচাষির মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের মৎস্যচাষি মফিক মিয়ার মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। এতে অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। তবে কে বা কারা এমনটি করেছে তা বলতে পারেননি তিনি।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন ওই মৎস্যচাষি। কয়েক মাস আগে বাড়ির একটি পুকুরে শুরু করেন কার্প জাতীয় মাছের চাষ। গত মঙ্গলবার থেকে হঠাৎ করে অল্প অল্প করে মরতে থাকে মাছ। মাছ রক্ষায় মৎস্য অফিসের পরামর্শে অব্যাহত রাখেন নানা চেষ্ঠা। তবুও আজ বৃহষ্পতিবার সকালে মরে ভেসে ওঠে পুকুরের সব মাছ।
তিনি বলেন, আমার পুকুরে কার্প জাতীয় প্রায় ৬-৭ মন মাছ ছিলো। আমি নিশ্চত বিষ প্রয়োগ করে আমার পুকুরের মাছ মারা হয়েছে। আমি কারো ক্ষতি করিনি। তবুও কে বা কারা আমার এতোবড় ক্ষতি করলো তা বলতে পারছিনা। আমি দেশবাসী ও প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, এটি সত্যিই দু:জনক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।