কলাপাড়ার খালে দেখা মিলল ডলফিনের
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি খালে ডলফিনের উপস্থিতি দেখা গেছে। শুক্রবার শেষ বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ফোরলেন সংলগ্ন রজপাড়ার হেতালবাড়িয়া খালের পানিতে ডলফিনটিকে খেলতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলের দিকে খালের পানিতে একটি প্রাণীর নড়াচড়া ও ভেসে ওঠা দেখতে পান তারা। পরে কাছে গিয়ে সেটি ডলফিন বলে নিশ্চিত হন। খবরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ডলফিনটি দেখতে খালের পাড়ে অনেক মানুষ জড়ো হন। এ সময় কেউ কেউ মোবাইল ফোনে ডলফিনটির ছবি ও ভিডিও ধারণ করেন।
খালে ডলফিনের উপস্থিতির খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ডলফিনটির গতিবিধি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
তাদের ধারণা, কোনো না কোনোভাবে সমুদ্র বা নদী থেকে ডলফিনটি রজপাড়া খালে ঢুকে পড়েছে। তবে কীভাবে এটি খালে প্রবেশ করেছে এবং বর্তমানে ডলফিনটি সুস্থ ও নিরাপদ অবস্থায় আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ডলফিনটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এটিকে উদ্ধারের প্রয়োজন রয়েছে কি না, কিংবা নিরাপদে নিজস্ব পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে কি না, পর্যবেক্ষণের পর তা নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা বলছেন, খালের মতো অপেক্ষাকৃত সংকীর্ণ জলাশয়ে ডলফিনের উপস্থিতি বিরল ঘটনা। তাই প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।