‘সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব’

‘সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব’

সংগৃহীত ছবি

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম বলেছেন, জেমিসন হাসপাতালকে চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর হাসপাতালটি একাধিকবার পরিদর্শন করেছি। এখানকার সম্ভাবনা ও সীমাবদ্ধতা দেখেছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব। 

আজ শনিবার নগরীর আন্দরকিল্লায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক প্রতিষ্ঠান। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম জেলা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে।

চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ  নির্বাচিতদের পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল আউয়াল। 

এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী প্রমুখ।