ফেনীতে বিএসএফের ছোড়া গুলিতে কৃষক আহত
প্রতিকি ছবি
ফেনীর ছাগলনাইয়ায় জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার উপজেলার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোশাররফ উপজেলার জয়নগর এলাকার পচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি মোশাররফের পিঠের বাঁ পাশে লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।
নুরুল আলম আশেক বলেন, চিকিৎসকেরা মোশাররফের শরীর থেকে গুলির কয়েকটি অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে তার শরীরের ভেতরে আরও কিছু গুলির অংশবিশেষ রয়ে গেছে।