রাজশাহী ও বরিশালে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ছবি
ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাজশাহী ও বরিশালের পরিবহন মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার তারা এ ঘোষণা দেন। ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান তারা।
রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে। ফলে শুক্রবার সকাল থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, হঠাৎ করে ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি এবং এর সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা করা হয়নি। এ কারণে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, এর আগে বিভিন্ন সময় জ্বালানী তেলের দাম বৃদ্ধির আগে পরিবহন ভাড়া পুনঃনির্ধারণ হতো। এবার জ্বালানী তেলের দাম বাড়ানোর আগে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়নি। বরিশাল বাস মালিক সমিতির আওতাধীন সড়কে ৩টি সেতুতে ১০ হাজার টাকার টোল রয়েছে। এই অবস্থায় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা দাম বাড়িয়ে পরিবহন খাতকে ঝুঁকিতে ফেলা হয়েছে।
একই দাবিতে পণ্য পরিবহন না করতে সিদ্ধান্ত নিয়েছে ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতি। সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি সাদরুল ইসলাম জানান, আগে যে টাকায় তারা পণ্য পরিবহন করেছেন, এখন সেটি সম্ভব নয়। ভাড়া বাড়বে। কিন্তু সরকার এখনও ভাড়ার বিষয়টি সমাধান না করায় তারা সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।