চাঁদপুরে বাসায় ঢুকে জেলা আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

চাঁদপুরে বাসায় ঢুকে জেলা আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

চাঁদপুরে নিজ বাসায় ঢুকে জেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল্লাহ (৭০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।   তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।ঘটনার পর হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য কেয়ারটেকার মিরাজকে ডিবি পুলিশ আটক করে বলে জানা যায়।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রফিকুল্লাহ চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার মৃত হেদায়েত উল্ল্যাহের ছেলে। তিনি চাঁদপুরের প্রথম শহীদ জাবেদের ছোট ভাই। তিনি শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন।

জানা যায়, রফিকুল্লাহ নিজ বাসায় শহরের নতুন বাজারস্থ সফিনা বোডিং বিল্ডিংয়ের পাশের ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। মাগরিবের নামাজের পর তার বাসার কেয়ারটেকার মিরাজ বাসায় গিয়ে দেখেন কে বা কারা রফিকুল্লাহকে ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর মিরাজ রফিকুল্লাহর কাছে গিয়ে দেখেন শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত ও একটি ছুরি তার শরীরের বাম অংশে বিদ্ধমান রয়েছে। পরে তার চিকিৎকারে স্থানীয়রা ছুটে যায়, দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় বলেন, প্রাথমিকভাবে এটি খুন মনে হচ্ছে। আরো তদন্তের বিষয় রয়েছে। তদন্ত শেষে বাকি তথ্য জানানো হবে।