বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে ৫ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় পুলিশ
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্ত থেকে পাঁচ গরু ব্যবসায়ী বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় ইসলামপুর থানা পুলিশ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটক ব্যবসায়ীরা হলেন- নজরুল ইসলাম (৩২), বাবুল (২৮), তোফাজ্জল হোসেন (২৮) ও নাম না জানা আরো দু’জন।
উপজেলার ধনতলা সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার হাটখোলা সীমান্ত এলাকার ডাঙ্গাপাড়া থেকে ভারতীয় পুলিশ তাদের ধরে নিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার কাশিবাড়ী গ্রামের মরহুম নুর ইসলামের ছেলে নজরুল ইসলাম, জুগিরহাড় গ্রামের আইজুল হকের ছেলে বাবুল অরফে বাবু, হরিপুর উপজেলার মারাধার গ্রামের তোফাজ্জল হক ও নাম না জানা আরো দুজনসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিলে ওই সীমান্তের চোরাইপথে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা পুলিশ সদস্যদের নজরে পড়লে তাদেরক ধাওয়া করে আটক করা হয়।
পরে ভারতীয় থানা পুলিশ আটক হওয়া পাঁচ বাংলাদেশীর বিরুদ্ধে মামলা করেছে মর্মে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে সংবাদ জানিয়েছে। আটকদের ভারতীয় স্বজনরাও তাদের পারিবারকে ঘটনার কথা মুঠোফোনে নিশ্চিত করেন।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পাঁচ বাংলাদেশীকে ভারতীয় ইসলামপুর থানা পুলিশ আটক করার সংবাদ পেয়েছি।