চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ২৫ জেলে আটক, ১৯ জনকে কারাদণ্ড

চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ২৫ জেলে আটক, ১৯ জনকে কারাদণ্ড

সংগৃহীত

চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করেছে টাস্কফোর্স টিম। এ সময় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কিশোর ও অপ্রাপ্ত বয়স্ক ছয় জেলেকে শাসন করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার দাসাদী এলাকায় অভিযান পরিচালনা করে জাটকা ধরা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

অভিযানকালে সাতটি মাছ ধরার নৌকা, এক লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল, চারটি বেহুন্দি জাল ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত ১২টায় অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযান শেষে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্লাহ।

দণ্ডিত জেলেদের মধ্যে এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে মো: সোহেলকে (২০)। এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে লক্ষণ চন্দ্র বর্মন (৩০), রতন চন্দ্র বর্মন (৩৫), নুরুল হক দেওয়ান (৬৫), বাসুদেব চন্দ্র বর্মন (৪০), স্বপন চন্দ্র বর্মন (৪৮), ইকবাল হোসেন বেপারী (৩৫), বিশ্বজিৎ চন্দ্র বর্মন (৩৫), আরিফ হোসেন (১৪), বিল্লাল হোসেন (৩০), সেলিম হোসেন (২৪), সাইফুল ইসলাম (২২), শিপন (২০), সুকান্ত চন্দ্র বর্মন (২০), বাদল চন্দ্র বর্মন (২২), আল-আমিন হোসেন (২০), অপু চন্দ্র বর্মন (২০), হৃদয় চন্দ্র বর্মন, (২২) ও মেহেদী হাসানকে (২৫)। এরা সবাই শরিয়তপুর ও চাঁদপুর সদরের নদীর পাড় এলাকার বাসিন্দা।

কিশোর ও অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলো নিত্য চন্দ্র বর্মন (১৪), সাকিল (১৫), রাজন (১৪), সিয়াম (১৪), ইয়াছিন (১৭) ও রাব্বি (১২)।

সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, জব্দ করা কারেন্ট ও বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। জব্দ করা মাছ ধরার নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং জাটকাগুলো স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড জেটি অফিসার মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স, চাঁদপুর নৌ থানার এএসআই শামীম ও সঙ্গীয় ফোর্স ও জাতীয় মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তছলিম বেপারী।

উল্লেখ্য, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের পাঁচটি অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরণের মাছ আহরণ, বেচাকেনা, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সূত্র : ইউএনবি