পাবনায় গরিব মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা বৃত্তি প্রদান

পাবনায় গরিব মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা বৃত্তি প্রদান

ছবি: পাবনায় গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত ‘ওসাকা’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ গরিব মেধাবী ৮৩ কৃতি শিক্ষার্থীকে ৯ লাখ ৯৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে। 

২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন শিক্ষার্থীকে ১ম দফায় এবং ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জন শিক্ষার্থীকে ২য় দফায় এই বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেককে ১২ হাজার টাকা করে দেয়া হয়। শনিবার পাবনার চরগড়গড়ি ওসাকা কমপ্লেক্সের চরনিকেতন কাব্যমঞ্চ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এই অনুদান প্রদান করেন।

সংস্থাটির সাবেক চেয়ারম্যান ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে ও সংস্থার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মানবসম্পদ) শামসুজ্জামান প্রিন্স এর সঞ্চালনায় এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরোচনা করেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস,ওসাকার উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়ারেস বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও সাদিয়া আফরিন প্রমুখ।

বক্তারা বলেন, ওসাকার মাধ্যমে শিক্ষা, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। ওসাকা একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন পার্টনার হিসেবে মানুষের আার্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।