হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ডিএমপির অভিযান

হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ডিএমপির অভিযান

সংগৃহীত

এবার হাইড্রোলিক হর্ন এর বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকার বিভিন্ন রাস্তাঘাটে চলাচলকারী হাইড্রোলিক হর্ন যেসব যানবাহনে ব্যবহৃত হচ্ছে সেগুলো আটকে অভিযান পরিচালনা করছে ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৭ জুন) থেকে মানবদেহের জন্য ক্ষতিকর এই যন্ত্রটির বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ। অভিযানের অংশ হিসেবে সারাদিনব্যাপী ট্রাফিক-মতিঝিল বিভাগের তিন জোনে একযোগে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

তারা জানিয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধপরিকর। সব ধরণের যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার আইনত নিষিদ্ধ। তবুও কিছু কিছু গাড়িতে মনঃসংযোগ নষ্ট করা বিকট আওয়াজ করা এই যন্ত্রটি ব্যবহার করে থাকে।

হাইড্রোলিক হর্ন স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। শ্রবণ শক্তি হারানো, বধির হওয়া, ঘুমে ব্যাঘাত ঘটা, হাইপার টেনশন হওয়া, পড়াশুনায় ব্যাঘাত ঘটা, বয়স্কদের জন্য অধিকতর বিরক্তির উদ্রেক করা, কোমলমতি শিশুদের জন্য তীব্র যন্ত্রণা, হাসপাতালের সম্মুখ রোগীদের জটিলতা বৃদ্ধিসহ গর্ভবতী নারীরা এ বিকট শব্দের স্পর্শে আসলে বিকলাঙ্গ শিশুরও জন্ম দেয়ার সম্ভাবনা থাকে। মনোযোগ বিকর্ষণ, কর্ণগহ্বরে দাহ্য, মানসিক ভারসাম্য হারানোসহ হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোক পর্যন্ত ঘটায় এ সর্বনাশা ‘হাইড্রোলিক হর্ন’।