টানেল সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত ঐতিহাসিক মসজিদ পুনঃনির্মাণের আদেশ

টানেল সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত ঐতিহাসিক মসজিদ পুনঃনির্মাণের আদেশ

ছবি: সংগৃহীত

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার টানেল সড়কে ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদটি স্থানান্তর ও পুনঃর্নির্মাণের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক আরফাতুল রাকিব এ রায় দেন। মসজিদটি ৩৫০ বছরের প্রাচীন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মসজিদে এলাকার বাসিন্দারা  নামাজ আদায় করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে স্থাপন করা টানেলের জন্য সড়ক উন্নয়নের অংশ হিসেবে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ এই মসজিদ ও পার্শ্ববর্তী কবরস্থান অধিগ্রহণ করে। কিন্তু আইন অনুযায়ী ধর্মীয় স্থাপনা অধিগ্রহণ করলে তা স্থানান্তর ও পুনঃর্নির্মাণ করার বাধ্যবাধকতা আছে। কিন্তু সওজ কর্তৃপক্ষ সেই দায় এড়িয়ে গেছে বছরের পর বছর।

পরে স্থানীয় বাসিন্দা আইনজীবী মো. নাজিম উদ্দিন ৩৫০ বছরের প্রাচীন মসজিদটির পক্ষে আইনী লড়াই শুরু করেন। দুই বছর আগে আদালতে মামলা দায়ের করেন তিনি। এরপর আদালত ঐতিহাসিক রায়টি দেন।

অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন বলেন, আদালত সওজ চট্টগ্রাম দক্ষিণ জোনের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরাদ্দকৃত ভূমিতে মসজিদ পুনঃর্নির্মাণের নির্দেশ দিয়েছেন। আশা করি, সওজ ৩৫০ বছরের পুরনো মসজিদটি পুনঃর্নির্মাণ করে দিয়ে আদালতের রায়ের প্রতি সম্মান দেখাবে।

জানা যায়, ২০২১ সালে এলএ মামলার মাধ্যমে তৎকালীন মসজিদ কমিটির সম্মতি নিয়ে সওজ দক্ষিণ বিভাগ ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদ ও পাশের কবরস্থান অধিগ্রহণ করে। কিন্তু আইনে স্পষ্ট বলা আছে, কোনো ধর্মীয় উপাসনালয় বা কবরস্থান অধিগ্রহণ করা হলে তা স্থানান্তর ও পুনঃনির্মাণ করে দিতে হবে।

এই অবস্থায় ২০২৪ সালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক বাদী হয়ে সওজ কর্তৃপক্ষসহ সাতজনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন এ মামলা পরিচালনার করেন।