নারী হকিকে তৃণমূলে ছড়িয়ে দিতে চান ইশতিয়াক সাদেক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ হকি ফেডারেশনে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ইশতিয়াক সাদেক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ২০২৬’-এর সমাপনী ম্যাচে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
হকি ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ইশতিয়াক সাদেকের নতুন কমিটি। এরই অংশ হিসেবে সিলেটে আয়োজন করা হয় ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ২০২৬’।
দেশব্যাপী নারী হকিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়াই হকি ফেডারেশনের মূল লক্ষ্য জানালেন ইশতিয়াক সাদেক। সিলেটে অনুষ্ঠানে এসে জানান, হকির উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিতে চান তিনি।
দেশব্যাপী নারী হকির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি দেশের সর্বোত্র নারী হকিকে ছড়িয়ে দিতে। এখানে আজ যারা অংশ নিয়েছে তারা জেলা পর্যায়ের ক্যাম্প শেষে বিভাগীয় পর্যায়, এরপর জাতীয় পর্যায়ে খেলবে। সেখান থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে আমাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় উঠে আসার পথ আরও সুগম হবে। আমাদের জাতীয় দল আরও শক্তিশালী হবে।’
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জেলা স্টেডিয়ামে নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্র্যাক ব্যাংকের সিলেট রিজিওনাল ম্যানেজার রেজাউর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের নারী উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন ও সদস্য মকসুদ আহমদসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।