ভুল এইচএস কোডে রাসায়নিক পণ্য আমদানির চেষ্টা, প্রায় আড়াই কোটি টাকা আদায়

ভুল এইচএস কোডে রাসায়নিক পণ্য আমদানির চেষ্টা, প্রায় আড়াই কোটি টাকা আদায়

ফাইল ছবি

কম শুল্ক-করযুক্ত এইচএস কোডে পণ্য ঘোষণা করে রাজস্ব ফাঁকির অপচেষ্টা প্রতিহত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় অতিরিক্ত রাজস্ব, অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ সরকারের মোট ২ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ১০৩ টাকা আদায় হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বেনাপোল সার্কেলের গোয়েন্দা তৎপরতায় আমদানিকারক প্রতিষ্ঠান ওএসএল ফার্মা লিমিটেডের একটি পণ্যচালানে এ অনিয়ম উদঘাটিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারকের ৩০ হাজার ৩৬০ কেজি ঘোষিত নিট ওজনের পণ্যচালান কায়িক পরীক্ষার আওতায় আনা হয়। প্রতিষ্ঠানটি পণ্যটি ‘ইপোক্সাইড রেজিন’ হিসেবে এইচএস কোড ৩৯০৭৩০০০-এ ঘোষণা করে, যার মোট করহার (টিটিআই) ছিল ৩৩ দশমিক ৬৩ শতাংশ। এ ঘোষণার ভিত্তিতে পণ্যচালানের শুল্ক-কর নির্ধারিত হয় ১ কোটি ১ লাখ ৬৩ হাজার ৭০ টাকা।

পরবর্তীতে কায়িক পরীক্ষায় চালানটিতে দুই ধরনের রাসায়নিক পণ্য পাওয়া যায়। পণ্যের প্রকৃত পরিচয় নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়।

পরীক্ষার প্রতিবেদনে নমুনা দুটি যথাক্রমে ইপোক্সাইড রেজিন ও পলিআমাইড রেজিন হিসেবে শনাক্ত হয়। 

একই সঙ্গে পরীক্ষায় দেখা যায়, নির্দিষ্ট অনুপাতে এ দুটি উপাদান একত্রে মিশ্রিত করলে আঠা বা অ্যাডহেসিভ তৈরি হয়।

কাস্টমস ট্যারিফের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, একই চালানে একত্রে উপস্থাপিত এবং পরস্পরের পরিপূরক এসব উপাদান সরাসরি একক প্রস্তুত পণ্য হিসেবে ব্যবহারযোগ্য হওয়ায় চালানটিকে ‘প্রস্তুতকৃত অ্যাডহেসিভ’ হিসেবে শ্রেণিবিন্যাসযোগ্য বলে নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে সঠিক এইচএস কোড ৩৫০৬৯১৯০, যেখানে টিটিআই ৭৬ দশমিক ৫০ শতাংশ।

এনবিআর জানায়, আমদানিকারকের ঘোষিত এইচএস কোড অনুযায়ী শুল্ক-কর ছিল ১ কোটি ১ লাখ ৬৩ হাজার ৭০ টাকা। তবে সঠিক এইচএস কোড প্রয়োগের পর অতিরিক্ত ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি উদঘাটিত হয়।

পরবর্তীতে কাস্টমস হাউস, বেনাপোলের বিচারাদেশে রাজস্ব ফাঁকির অর্থ হিসেবে ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকা, অর্থদণ্ড হিসেবে ১ কোটি ২০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা হিসেবে ২ লাখ টাকা আদায় করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তৎপরতায় সরকারের মোট ২ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ১০৩ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, রাসায়নিক পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে কায়িক পরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষাগার বিশ্লেষণ এবং কাস্টমস ট্যারিফের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ ধরনের রাজস্ব ফাঁকির প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে। সূত্র: বাসস