শালিখায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও গ্রামবাসীর মানববন্ধন
সংগৃহীত
মাগুরার শালিখা উপজেলায় খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেছেন ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসার সামনে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা এলাকায় একটি খেলার মাঠের ব্যবস্থা করার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আরজু হোসেন বলেন, আমাদের এলাকায় শিশু-কিশোরদের খেলাধুলার জন্য নির্দিষ্ট কোনো মাঠ নেই। বিকেল হলে ছেলেমেয়েরা খেলতে চাইলেও জায়গার অভাবে খেলতে পারে না। একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জন্য নয়, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি মাঠের ব্যবস্থা করার দাবি জানাই।
মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে চাই। কিন্তু মাঠ না থাকায় নিয়মিত খেলতে পারি না। আমাদের অনেকেই বিভিন্ন খেলায় আগ্রহী হলেও অনুশীলনের সুযোগ নেই। একটি মাঠ পেলে আমরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাব।
শিক্ষার্থী ও স্থানীয়রা আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু খেলার মাঠের অভাবে এলাকার তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধন থেকে দ্রুত এলাকায় একটি খেলার মাঠের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিশু-কিশোরদের সুস্থ বিকাশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানান তারা।
মানববন্ধনে ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।