ফেডারেশন কাপেও জয়ে শুরু হলো না আবাহনীর
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও জয় দিয়ে শুরু করতে পারল না আবাহনী লিমিটেড। লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর এবার চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগ করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ফলে মৌসুমের শুরুতে দুই ভিন্ন প্রতিযোগিতায় জয়হীন থাকল আবাহনী।
শুক্রবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে চট্টগ্রাম সিটির মুখোমুখি হয় আবাহনী। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলের কেউই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি।
বিরতির পর অবশ্য গোলের দেখা পায় আবাহনী। ৫২ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণ গড়ে ওঠে। বক্সে ঢুকে আসাদুল মোল্লার কাটব্যাক থেকে বল পান রাবিউল হাসান। বক্সের বাইরে থেকে অ্যাঙ্গেল শটে চট্টগ্রাম সিটির জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
তবে ১১ মিনিট পরই সেই ব্যবধান মুছে যায়। ৬৩ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম সিটি। বক্সের প্রান্ত থেকে জাপানি মিডফিল্ডার কেন্তা হারার নেওয়া জোরালো ফ্রি-কিক আবাহনীর গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে দ্রুত ছুটে এসে কাছ থেকে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল অনওয়েরেবে।
সমতায় ফেরার পর জয়সূচক গোলের জন্য দুই দলই চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে আবাহনী ও চট্টগ্রাম সিটি। ‘এ’গ্রুপে এ নিয়ে তিনটি ম্যাচই ড্র হলো।