পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
ফাইল ছবি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীন দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে প্রায় ৪০ হাজার আসনের বিপরীতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। ফলে আসনপ্রতি প্রায় দুইজনের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও অ্যাপটিচুড টেস্টের ওপর মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে। এর সঙ্গে এসএসসির জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) থেকে ৩০ নম্বর যোগ করা হবে।
বিষয়ভিত্তিক মানবণ্টনের মধ্যে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ২০, সাধারণ বিজ্ঞানে ২০ এবং অ্যাপটিচুড টেস্টে ১০ নম্বর থাকবে। এসএসসির জিপিএর জন্য নির্ধারিত থাকবে ৩০ নম্বর।
বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে মোট ৫০টি সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ৪৪টি সাধারণ পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং দুটি বিশেষায়িত বা মনোটেকনিক ইনস্টিটিউট।
ভর্তি পরীক্ষা শেষে আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। এরপর ১১ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম চালু ছিল। তবে ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। পরে ওই নিয়ম বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়।