মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম : মাহবুবের রহমান শামীম

মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম : মাহবুবের রহমান শামীম

ছবি: সংগৃহীত

মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

রবিবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘যুক্তির আলো ছড়িয়ে পড়–ক চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৃষ্টি চট্টগ্রামের ২০তম স্কুল বিতর্ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মাহবুবের রহমান শামীম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। আজকের এই বিতর্ক কর্মশালায় এসে আমার স্কুলজীবনের কথা মনে পড়ছে। আমিও নিয়মিত এসব বিতর্কে অংশ নিতাম। সেই অভিজ্ঞতা পরবর্তী জীবনে কথা বলা ও যুক্তি উপস্থাপনে আমাকে অনেক সহায়তা করেছে। তাই শুধু মহানগরীতে নয়, চট্টগ্রামের প্রতিটি উপজেলায় এ ধরনের বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা ছড়িয়ে দিতে হবে। চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, দীর্ঘদিন ধরে দৃষ্টি চট্টগ্রাম চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু বিতর্ক শেখানো নয়, বরং শিক্ষার্থীদের যুক্তি দিয়ে চিন্তা করতে, নিজের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখানো। চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের চর্চা ছড়িয়ে দিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে চাই। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে এখনো বিতর্কচর্চা শুরু হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্ত করার মাধ্যমে একটি বৃহত্তর বিতর্ক আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় চট্টগ্রাম মহানগর ও জেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের কর্মশালার মূল লক্ষ্য ছিল চট্টগ্রামের নতুন ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চার সূচনা করা এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, উপস্থাপনা দক্ষতা ও বিতর্কের সংস্কৃতি গড়ে তোলা।

কর্মশালা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সল্ট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সর্দার নওশাদ ইমতিয়াজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ইমরান এমি। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন কর্মশালার সমন্বয়কারী মুজিবুল হক ও সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহের, বিতার্কিক ও শিক্ষক রাইহানুল ইসলাম, বিতার্কিক ও আবৃত্তিকার বনকুসুম বড়ুয়া নূপুর এবং বিতার্কিক আসিফ।