সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পেয়ে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ছাত্রীর বাবা মো. মোমিনুল ইসলাম। একই সঙ্গে অপহরণকারীরা মামলা তুলে নিতে হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ তুলছেন অসহায় বাবা। রবিবার দুপুরে সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে মেয়েটির বাবা এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ২৩ আগস্ট সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাবার জন্য বাড়ি থেকে বের হয় মিরা খাতুন। উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন একটি হাইস গাড়িতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানতে পারেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নেয়াসহ এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করবে নানা ধরনের হুমকি প্রদান করছেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত মাহিয়া আক্তার মিরাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।