কোহলি-গিলের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

কোহলি-গিলের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

ছবি: সংগৃহীত

ওয়ানডেতে ২৯৬ রানের টার্গেটটা কম নয়। কিন্তু সেটা অতিক্রম করতে যেন কোনো চাপই নিল না স্বাগতিক ভারত। শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে উইন্ডিজ। জবাবে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৪ রান পায় ভারত। ৩৫ বলে ৩২ রান করে আউট হন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট দলনেতা শুভমান গিল ও বিরাট কোহলি মিলে গড়েন ১৫১ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি গিল। শতক পূরণের পর ১১০ রান আউট হন তিনি।

এদিকে ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে জয় নিশ্চিত করে বিরাট কোহলি। ক্যারিয়ারের ৮৬তম সেঞ্চুরি তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ১৩৯ রানে। মাত্র ৮৮ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও ৯টি ছয়ে সাজানো। এদিকে ১৩ রানে অপরাজিত থাকেন গায়কোয়াড।

শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জোনাথন ক্যাম্পেল ও জাস্টিন গ্রেভস। ওপেনিং জুটিতে আসে ১৩৫ রান। ফিফটির দেখা পেয়েছেন ক্যাম্পবেল। ৬০ বলে ৬২ রান করেন তিনি। এদিকে ফিফটিকে শতকে রূপ দেন গ্রেভস। তিনি করেন ১০৮ বলে ১০১ রান।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন আমির জাঙ্গোও। ৪৩ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৪ রান করেন রোস্টন চেজ। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।

ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন কুলদীপ যাদব। দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। আর একটি উইকেট পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি।