মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে মাস্তুল ফাউন্ডেশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সংগৃহীত
আন্তর্জাতিক এনজিও সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশের মানবিক সংগঠন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান।
আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের মানবিক কার্যক্রম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিচালিত বিভিন্ন উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক মানবিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন তিনি।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এনজিও সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মানবিক ও উন্নয়নমূলক সংগঠন, এনজিও, নীতিনির্ধারক, সমাজকর্মী এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে দারিদ্র্য বিমোচন, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, স্বাবলম্বিতা, তরুণদের সম্পৃক্ততা, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্মেলনের এক পর্যায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন কাজী রিয়াজ রহমান। এ সময় তিনি বাংলাদেশে মাস্তুল ফাউন্ডেশনের দীর্ঘদিনের মানবিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সংকট ও দুর্যোগের সময়ে মানবিক সহায়তা প্রদানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “আন্তর্জাতিক একটি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়; বরং বাংলাদেশের মানুষের জন্য পরিচালিত মানবিক উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বাবলম্বিতা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের জরুরি প্রয়োজন পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদে তাদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। যাকাত ও সদকার অর্থকে উৎপাদনশীল কাজে ব্যবহারের মাধ্যমে নিম্নআয়ের মানুষের জন্য আয়-উৎপাদনমূলক সুযোগ তৈরিও প্রতিষ্ঠানটির অন্যতম কার্যক্রম।
দেশের গণ্ডি পেরিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মানবিক সহায়তার ক্ষেত্রেও কার্যক্রম পরিচালনা করছে মাস্তুল ফাউন্ডেশন। বিভিন্ন সংকট ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।