বেক্সিমকো ফার্মার ৯ সদস্যের পর্ষদ গঠনের অনুমোদন

বেক্সিমকো ফার্মার ৯ সদস্যের পর্ষদ গঠনের অনুমোদন

ছবি: সংগৃহীত

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির জন্য নয় সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয় বিবেচনা করে কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

বিএসইসির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদে থাকবেন স্পনসরদের তিনজন পরিচালক। তারা হলেন, এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। এ ছাড়া একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে।

পর্ষদে আইএফআইসি ব্যাংক পিএলসির একজন পরিচালক থাকবেন। পাশাপাশি থাকবেন চারজন স্বতন্ত্র পরিচালক। তাদের মধ্যে তিনজনকে নতুন করে নিয়োগ দেওয়া হবে এবং একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকবেন।

স্বতন্ত্র পরিচালকদের নিয়োগে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর বিধান অনুসরণ করা হবে।

বিএসইসির সিদ্ধান্তে বলা হয়েছে, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর চিঠির মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত পর্ষদ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোম্পানি মামলা প্রত্যাহার করলে বিএসইসি আগে জারি করা দুটি আদেশ প্রত্যাহার করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি জারি করা সংশ্লিষ্ট আদেশ দুটি রয়েছে।

ফলে নতুন নয় সদস্যের পর্ষদ গঠনের মধ্য দিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। নতুন পর্ষদে স্পনসর পরিচালক, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবস্থাপনা পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয় রাখা হয়েছে।