গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রতিকি ছবি

গাইবান্ধায় আন্তঃজেলা অটোবাইক চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি অটোবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার বড় সাতাইল বাতাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান (৩০), একই এলাকার জাহিদুল মণ্ডলের ছেলে সুলতান ইসলাম (২৬), ফারুক ইসলামের ছেলে সামিউল ইসলাম (২২), ছোট সাতাইল বাতাইল এলাকার সেকেন্দার শেখের ছেলে মেহেদুল শেখ (২৫), সদর উপজেলার বড় ভবানীপুর এলাকার বজলুর রহমানের ছেলে মারুফুর রহমান মারুফ (৩৩) ও পীরগাছা এলাকার ময়নুল ইসলামের ছেলে আব্দুল হামিদ বাবু (৩৪)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট সার গোডাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অটোবাইকচালক মোশারফ হোসেন (২৬) পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী নিয়ে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজারে আসেন। যাত্রী নামানোর পর বাজারের গোলাপ মিয়ার ডে-নাইট কনফেকশনারির সামনে অটোবাইকটি রেখে চা খেতে পাশের একটি দোকানে যান। চা খেয়ে ফিরে এসে দেখেন, অটোবাইকটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই রাতেই মোশারফ হোসেনের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট সার গোডাউন এলাকা থেকে রাকিব হাসানকে চুরি যাওয়া অটোবাইকের চালকের আসনে এবং অপর পাঁচজনকে পেছনের আসনে বসা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অটোবাইকটি চুরির কথা স্বীকার করেছেন।

ওসি বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা অটোবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মামলাটি তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/এমএল