পানি বাড়ছে গঙ্গায়, স্থিতিশীলতার আভাস পদ্মায়
ছবি: সংগৃহীত
গঙ্গার পানি বাড়ছে যা আরও বাড়তে পারে। তবে পদ্মার পানি স্থিতিশীল থাকতে পারে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; উক্ত নদ-নদীসমূহের পানি সমতল আগামী ৫ দিন হ্রাস পেতে পারে। গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে; গঙ্গা নদীর পানি সমতল আগামী ২ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল আগামী ৫ দিন স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।