ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধন ও জনসভাস্থল পরিদর্শনে পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধন ও জনসভাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার বিকেলে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার দুটি অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করে সার্বিক খোঁজখবর নেন তিনি।
প্রথমে বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরে বিকেল ৪টায় পরশুরামের মির্জানগর এলাকার খোয়াঘাট পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ফেনীতে ১ অক্টোবর আসবেন। আপনারা জানেন, মুছাপুর ক্লোজার আজ একনেকে পাস হয়েছে। এর আগে কহুয়া বাঁধটিও পাস হয়েছিল। যখন মুছাপুর ক্লোজারের নির্মাণকাজ শুরু হবে, তখন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী আবার ফেনীতে আসবেন। ওই সময় নোয়াখালীতেও যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
এ ছাড়া দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নইম উল্লাহ চৌধুরী বরাত এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।