বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

বায়ুদূষণের মাত্রায় বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটের দিকে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ১৫৩ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে ছিল ঢাকা। ঢাকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য পাওয়া গেছে।

তালিকায় ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। উগান্ডার কাম্পালা ১৬৬ স্কোর নিয়ে তৃতীয়, সিঙ্গাপুর ১৬২ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৬১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে বায়ুমান নির্ধারণে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)—এই পাঁচ ধরনের দূষক বিবেচনা করা হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে উল্লেখ করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের সঙ্গে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে। সংস্থাটির হিসাবে, বিশ্বে বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।