রাফিনিয়াকে ছাড়াই কলকাতায় নামবে ব্রাজিল
সংগৃহীত
ভারতের বিপক্ষে ঐতিহাসিক প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে উরুর চোটে পড়ার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। দুই দেশের সিনিয়র দলের ফুটবলে এটিই হবে প্রথম সাক্ষাৎ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ শেষে ডান উরুতে অস্বস্তির কারণে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার চোট নিয়ে শুরু থেকেই উদ্বেগ ছিল বার্সেলোনার অন্দরমহলে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পর ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে।
এক বিবৃতিতে সিবিএফ জানায়, ‘ফরোয়ার্ডের ইমেজিং পরীক্ষায় তার ডান উরুর পেছনের অংশে সামান্য পেশির ইডিমা ধরা পড়েছে।
আরও পরীক্ষা ও চিকিৎসার জন্য রাফিনিয়া এখন বার্সেলোনায় ফিরবেন। প্রাথমিক প্রতিবেদনে গুরুতর চোটের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবেই তাকে আর খেলানোর ঝুঁকি নেয়নি ব্রাজিল।
বিশেষ করে একই জায়গায় আগেও চোটের ইতিহাস থাকায় বাড়তি সতর্ক সেলেসাওরা। গত মৌসুমে ডান উরুতেই চারবার চোট পেয়েছিলেন রাফিনিয়া, যার কারণে ১৫০ দিনের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য রাফিনিয়ার কোনো বিকল্প খেলোয়াড় দলে নেওয়া হবে না বলে জানিয়েছে ব্রাজিল।
চলমান আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রাফিনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচেই ছিলেন দলের অন্যতম ভরসা। তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি, ছিলেন অধিনায়ক এবং দলের নির্ধারিত পেনাল্টি গ্রহণকারী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে রায়ানের সমতাসূচক গোলে অ্যাসিস্ট করেছিলেন রাফিনিয়া। দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে ব্রাজিলের সমতাসূচক গোল করার পর বিরতিতে তাকে তুলে নেওয়া হয়।
রাফিনিয়ার অনুপস্থিতিতে কলকাতায় ব্রাজিলকে দেখতে আসা সমর্থকেরা তার খেলা থেকে বঞ্চিত হবেন। তবে ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে ভারতের ফুটবলপ্রেমীদের আগ্রহে কমতি নেই। ১ অক্টোবর কলকাতায় পৌঁছানোর কথা ব্রাজিল দলের।