ভেঙে ফেলা হচ্ছে সেই লাভলী সিনেমা হল
ছবিঃ সংগৃহিত।
নারায়ণগঞ্জের কাঁচপুরে দীর্ঘদিনের পরিচিতি পাওয়া লাভলী সিনেমা হল এবার হারাতে যাচ্ছে তার পুরোনো অবয়ব। দীর্ঘ সময় ধরে সিনেমা হল ব্যবসায় লোকসান ও দর্শকসংকটের কারণে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার ধারাবাহিকতায় এবার ভেঙে ফেলা হচ্ছে এই হলটিও।
চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লাভলী সিনেমা হল বন্ধ ও ভেঙে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তির কথাও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, পুরোনো হলটির জায়গায় একটি বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে একটি সিনেপ্লেক্স তৈরির বিষয়েও ভাবা হচ্ছে।
ফলে পুরোনো অবকাঠামো বিলীন হলেও ‘লাভলী’ নামটি নতুন রূপে আবারও ফিরতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
একসময় লাভলী সিনেমা হলে নিয়মিত দর্শকদের উপস্থিতিতে চলচ্চিত্র প্রদর্শন হতো। তবে সময়ের সঙ্গে হলটির কার্যক্রম ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত পুরোনো ভবনটি ভেঙে নতুন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।