জেনে নিন স্যান্ডউইচের মুচমুচে ভাব রাখবেন যেভাবে

জেনে নিন স্যান্ডউইচের মুচমুচে ভাব রাখবেন যেভাবে

ছবিঃ সংগৃহীত।

ছোট-বড় সবারই পছন্দের খাবার স্যান্ডউইচ। সকালে হাতে সময় কম থাকলে কয়েক মিনিটেই তৈরি করা যায়, আবার স্কুল কিংবা অফিসের টিফিনেও সহজেই সঙ্গে নেওয়া যায়।পেট ভরানোর পাশাপাশি নানা উপকরণ দিয়ে স্বাদও বদলে নেওয়া যায়। কিন্তু টিফিনে নিয়ে যাওয়ার পর একটা সমস্যাই সবচেয়ে বেশি দেখা দেয়-স্যান্ডউইচ আর মুচমুচে থাকে না, কিছুক্ষণ পরেই নরম ও নেতিয়ে যায়।

স্যান্ডউইচ বানানোর পর সঙ্গে সঙ্গে খেলে যে মজা, কয়েক ঘণ্টা টিফিন বক্সে থাকার পর সেই স্বাদ আর থাকে না। শুধু ফয়েলে মুড়ে রাখলেই যে সমস্যা মিটবে, সেটাও নয়। বরং স্যান্ডউইচ তৈরির সময় কয়েকটি ছোট বিষয় মাথায় রাখলেই অনেকটা সময় পর্যন্ত এর বাইরের অংশ খাস্তা রাখা সম্ভব।

পুরে বেশি জলীয় উপকরণ না রাখা

টিফিনের জন্য স্যান্ডউইচ বানাতে গেলে প্রথমেই পুরের উপকরণ বেছে নেওয়ার দিকে নজর দিন। টমেটো, শসা কিংবা অতিরিক্ত রসালো সবজি পাউরুটির মধ্যে আর্দ্রতা ছড়িয়ে দিতে পারে। ফলে কিছুক্ষণ পর পাউরুটি নরম হয়ে যায়।

তাই টিফিনে নেওয়ার জন্য এমন সবজি ব্যবহার করুন, যাতে জলীয় অংশ তুলনামূলক কম। রসালো সবজি ব্যবহার করতেই হলে আগে ভালোভাবে পরিষ্কার করে কিচেন টাওয়েল বা টিস্যু দিয়ে মুছে নিন।

কাঁচা সবজির বদলে হালকা ভেজে নেওয়া

শসা, টমেটো বা পেঁয়াজ একেবারে বাদ দিতে না চাইলে আরেকটি কৌশল কাজে লাগাতে পারেন। কাঁচা অবস্থায় না দিয়ে সামান্য তেলে হালকা নেড়ে চেড়ে পুরের মতো করে নিন। এতে সবজির বাড়তি আর্দ্রতা কিছুটা কমে যাবে এবং পাউরুতিতে পানি ছাড়ার সম্ভাবনাও কমবে।

পাউরুটি ভালো করে সেঁকে নেওয়া

স্যান্ডউইচ মুচমুচে রাখার ক্ষেত্রে পাউরুটি সেঁকার ধাপটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিফিনের জন্য তৈরি করলে পাউরুতির দুই পাশই অল্প তেল বা মাখন দিয়ে ভালোভাবে সেঁকে নিন। বাইরের অংশ একটু কড়কড়ে হলে পাউরুটি সহজে পুরের আর্দ্রতা শুষে নেবে না। তবে খুব বেশি পুড়িয়ে ফেলার দরকার নেই। হালকা সোনালি ও খাস্তা হলেই যথেষ্ট।

চিজ ও সস ব্যবহারে কৌশল বদলানো

অনেকে স্যান্ডউইচ তৈরি হওয়ার পর ওপর থেকে চিজ ও বিভিন্ন সস যোগ করেন। টিফিনের স্যান্ডউইচের ক্ষেত্রে এভাবে না করাই ভালো। চিকেন, পনির বা অন্য পুর তৈরি করার সময়ই চিজ মিশিয়ে নিন।

এতে চিজ পুরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং আলাদা করে পাউরুটির ওপর ভেজা স্তর তৈরি করবে না। একইভাবে অতিরিক্ত সস ব্যবহার থেকেও বিরত থাকুন। বেশি সস পাউরুতির মধ্যে দ্রুত আর্দ্রতা ছড়িয়ে দিতে পারে।

গরম অবস্থায় প্যাক না করা

স্যান্ডউইচ গ্রিল হয়ে গেলেই অনেকে তাড়াহুড়ো করে সেটি ফয়েল বা বাটার পেপারে মুড়ে টিফিন বক্সে রেখে দেন। এই অভ্যাসের কারণেও স্যান্ডউইচ দ্রুত নরম হয়ে যেতে পারে।

গরম স্যান্ডউইচ থেকে বের হওয়া বাষ্প ভেতরে আটকে গিয়ে পাউরুতির ওপর আর্দ্রতা তৈরি করে। তাই গ্রিল করার পর কয়েক মিনিট অপেক্ষা করুন। সামান্য ঠান্ডা হলে তারপর প্যাক করুন।

ফয়েল নাকি বাটার পেপার?

স্যান্ডউইচ বাটার পেপার বা ফুড-গ্রেড র‍্যাপিং পেপারে মুড়ে তারপর বক্সে রাখা যেতে পারে। এতে স্যান্ডউইচ সরাসরি বাক্সের আর্দ্রতার সংস্পর্শে কম আসবে এবং বহন করাও সহজ হবে।

তবে প্যাকেট খুব শক্ত করে চেপে বন্ধ না করাই ভালো। সামান্য বায়ু চলাচলের সুযোগ থাকলে ভেতরে বাষ্প জমে স্যান্ডউইচ নরম হওয়ার সম্ভাবনা কমে।