স্কটিশ মুসলিম অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর অনুষ্ঠিত

স্কটিশ মুসলিম অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহিত।

স্কটিশ মুসলমানদের অভিজাত আয়োজন স্কটিশ মুসলিম অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর সম্পন্ন হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর গ্লাসগোর হিলটন হোটেলে তা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, দাতব্য কার্যক্রম, ক্রীড়া, শিল্পকলা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মুসলিম ব্যক্তি, সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে শত শত অতিথি অংশ নেন। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক আদর্শ তুলে ধরা এবং ব্যক্তিগত ও পেশাগত সাফল্যগুলোকে সামনে নিয়ে আসাই এই আয়োজনের উদ্দেশ্য। 

পুরস্কারগুলো আয়োজন করেছে ক্যালেডোনিয়া কানেকশনস। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই পুরস্কারের আরেকটি লক্ষ্য হলো নতুন প্রজন্মকে উত্সাহিত করা, ইসলামবিদ্বেষকে চ্যালেঞ্জ করা এবং ইতিবাচক পরিবর্তনের গল্পগুলো উদযাপন করা।

পুরস্কার আয়োজনকারী প্রতিষ্ঠান ক্যালেডোনিয়া কানেকশনসের মাজহার খান বলেন, স্কটিশ মুসলিম অ্যাওয়ার্ডস এমন মানুষদের স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ, যাদের নিষ্ঠা পুরো স্কটল্যান্ডজুড়ে বিভিন্ন সম্প্রদায়কে শক্তিশালী করে। আমরা চাই, তাদের গল্প সবার কাছে পৌঁছাক যাক এবং সবাই যেন তা উদযাপন করে।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনিও এই আয়োজনের প্রতি তার সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, স্কটিশ মুসলিম অ্যাওয়ার্ডস এমন ব্যক্তিদের স্বীকৃতি ও সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যাদের নিষ্ঠা, অর্জন এবং অন্যদের প্রতি অঙ্গীকার পুরো দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।

সূত্র : গ্লাসগো টাইমস