দেশে আসছেন ‘বুড়ো’ টম ক্রুজ
ছবি: সংগৃহীত
হলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন টম ক্রুজ। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের আকাশ ছুঁয়েছেন। নানা চরিত্রে মাতিয়েছেন দর্শককে। এবার একেবারে ব্যতিক্রম রূপে পর্দায় আসছেন টম। ক্ষ্যাপা স্বভাবের এক বুড়োর চরিত্রে দেখা যাবে তাকে।
সিনেমার নাম ‘ডিগার’। শুক্রবার (২ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পাবে দুইবার অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর সিনেমাটি। আর একই দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে ‘ডিগার’। অর্থাৎ ‘বুড়ো’ টম ক্রুজ বাংলাদেশেও আসছেন।
ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় ‘ডিগার’-এ টম ক্রুজকে দেখে চিনতে পারবেন না অনেকেই। চেনার কথাও নয়। কারণ টম ক্রুজের কথা ভাবতেই চোখের সামনে যে ছবিটা আসে, তার সঙ্গে এর কোনো মিল নেই। ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা রীতিমত বিস্মিত তার এই রূপান্তর দেখে। ব্ল্যাক কমেডি জনরার সিনেমাটিতে হাসির আড়ালে লুকিয়ে আছে জলবায়ু সংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।
‘ডিগার’-এ টম ক্রুজের সঙ্গে আরো অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হিলার, মাইকেল স্টালবার্গ, জেসি প্লেমনস প্রমুখ।
এদিকে একইদিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমা। জাপানি ভিডিও গেম প্রোডাকশন হাউস ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’ অবলম্বনে প্রায় দুই যুগ আগে এই সিরিজ শুরু হয় হলিউডে। ২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি। পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন প্রথম সিনেমাটি নির্মাণ করেন। পরবর্তী সময়ে যা সাতটি সিনেমার একটি সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে।
২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু রাকুন সিটি’ নামে রিবুট করে সনি পিকচার্স। পাঁচ বছর পর আবার দর্শকদের সামনে আসছে সিরিজের নতুন সিনেমা। এবারের সিনেমার নাম ‘রেসিডেন্ট ইভিল’। এটি দ্বিতীয় রিবুট এবং সামগ্রিক সিরিজের অষ্টম সিনেমা।
জ্যাক ক্রেগার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টারসহ আরও অনেকে।