চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘চিকিৎসকদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ সুবিধার পরিধি বাড়াতে চীন ও পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা ও অগ্রগতির কাজ এগিয়ে চলেছে।’

রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আজ এসব কথা বলেন।

দেশের চিকিৎসকরা বহু সীমাবদ্ধতার মাঝেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন মন্তব্য করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি সুস্থ ও সবল জনগোষ্ঠী ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা অসম্ভব। তাই চিকিৎসা পেশার মহৎ মর্যাদা রক্ষা করে দেশের প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে।

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফরের সভাপতিত্বে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।