২৯ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা

২৯ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা

ফাইল ছবি

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৬৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩২ হাজার ৪৮৪ কোটি ৩০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৪০ কোটি ৭০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন দশমিক ১০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৪৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।