হাম ও উপসর্গে সাড়ে ৬ মাসে ১১১০ জনের মৃত্যু
ফাইল ছবি
দেশে হামের উপসর্গে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সাড়ে ছয় মাসে ১১১০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়ারা চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাসিন্দা। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৪ জন। এর মধ্যে এক হাজার ১৩২ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৭ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১০০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন, আর উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৯ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৯২ হাজার ৮৬৩ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীায় প্রমাণিত) ২১ হাজার ৬০২ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৪ হাজার ৪৬৫ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭০ হাজার ৮৭৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫১৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ৮২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮২, চট্টগ্রামে ৯৬, বরিশালে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
সিলেটে কিশোরের মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হাম ও উপসর্গে এবার এক কিশোরের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাবেদ (১৭) নামে ওই কিশোর মারা যান। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে শুধু বিগত সেপ্টেম্বর মাসেই মারা গেছে ২৯ জন। একই সময়ে নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৪, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ৩৬ এবং সুনামগঞ্জে ৩৭৯ জন।