রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী বাংলা বিভাগ

রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী বাংলা বিভাগ

সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গোলশূন্য নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। অর্থনীতি বিভাগ হয়েছে রানার্সআপ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

এ সময় তিনি বলেন, “আমরা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজন সফল ও সুন্দরভাবে পরিসমাপ্তি টানতে পেরেছি এজন্য অংশগ্রহণকারী সকল খেলোয়ারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। খেলাধুলার অনুশীলন ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরো বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সফল ক্রীড়া আয়োজনের জন্য খেলোয়াড়দের নিয়ম-নীতি মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা এবং ক্রীড়াসুলভ মানসিকতা ধারণ করা অত্যন্ত জরুরি। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই; তবে নিয়ম-শৃঙ্খলা মেনে খেলায় অংশগ্রহণ এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই খেলাধুলার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। উপাচার্য মহোদয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়কে তাদের আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বাংলা বিভাগ ও অর্থনীতি বিভাগ মুখোমুখি হয়।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে অর্থনীতি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা বিভাগ। অর্থনীতি বিভাগ হয় রানার্সআপ। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।