গাংনীতে রাস্তায় বাঁশ ফেলে ভ্যান ও নগদ টাকা ছিনতাই

গাংনীতে রাস্তায় বাঁশ ফেলে ভ্যান ও নগদ টাকা ছিনতাই

প্রতিকি ছবি

 

মেহেরপুরের গাংনী উপজেলায় রাস্তায় বাঁশ ফেলে পথ রোধ করে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে দুটি ব্যাটারিচালিত পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার চারজনের মধ্যে তিনজনের বাড়ি কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এবং একজনের বাড়ি বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, নওদাপাড়া গ্রাম থেকে সোহান আলীসহ তিনজন মাছ ধরার উদ্দেশ্যে ষোলটাকার দিকে যাচ্ছিলেন। দেবীপুর পার হয়ে বামন্দী সড়কে ঢোকার মুখে তারা পৌঁছালে ছয় থেকে সাতজনের একদল মুখোশধারী ছিনতাইকারী রাস্তায় বাঁশ ঠেকিয়ে তাঁদের গতি রোধ করে। পরে তাদের দেশী অস্ত্রর মুখে জিম্মি করে বেঁধে ফেলে ভ্যান ও টাকা ছিনিয়ে নেই।

দেবীপুর গ্রামের ভুক্তভোগী রুহুল আমিন বলেন, ‘কালভার্টের কাছে পৌঁছাতেই দুজন ভ্যানে উঠে পড়ে এবং সামনে আরও দুজন বাঁশ নিয়ে দাঁড়ায়। তারা লাঠি দিয়ে আমার হাতে সজোরে আঘাত করে। পরে মাঠে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে আমার নগদ টাকা ও ভেন চিনিয়ে ছিনিয়ে নেয়। আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে বাঁধন খুলে দেন।’

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম জানান, শুক্রবার ফজরের আজানের পরপরই বামন্দী-দেবীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা দুটি পাখিভ্যান ও নগদ টাকা নিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ে জড়িতদের আটকে অভিযান চলছে।