প্যারিসের ফ্যাশন শো মাতাল বানারসি কারুকাজ, ভাইরাল শাড়ির লুক

প্যারিসের ফ্যাশন শো মাতাল বানারসি কারুকাজ, ভাইরাল শাড়ির লুক

ফাইল ছবি

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে এবার নজর কাড়ল শাড়ির অনুপ্রেরণায় তৈরি বেশ কিছু পোশাক। সঙ্গে ছিল ভারতের ঐতিহ্যবাহী বানারসি কাপড়ের কারুকাজ। ব্যতিক্রমী সাজ, নাটকীয় মেকআপ ও শাড়ির আদলে তৈরি পোশাক নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

২৮ সেপ্টেম্বর প্যারিসের প্লাস দ্য লা রিপুবলিকে কানাডার মন্ট্রিয়লভিত্তিক অ্যাভাঁ-গার্দ ফ্যাশন ব্র্যান্ড মাটিয়ের ফেকাল তাদের নতুন সংগ্রহ ‘দ্য নাইনটি-নাইন পারসেন্ট’ প্রদর্শন করে। ডিজাইনার স্টিভেন রাজ ভাসকারান ও হান্না রোজ ডালটনের এই সংগ্রহে ছিল মোট ৯৯টি লুক।

সংগ্রহটির কয়েকটি পোশাকে শাড়ি পরার ধরনকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। কোথাও শাড়ির পল্লুর আদল, কোথাও আবার শাড়ির ড্রেপিংকে বদলে দেওয়া হয়েছে আধুনিক ও ভবিষ্যৎধর্মী পোশাকে।

এর মধ্যে একটি হালকা গোলাপি রঙের পোশাকে শাড়ির আদলের সঙ্গে ছিল কাঠামোবদ্ধ জ্যাকেট। পোশাকটির কাপড় ভারতের বানারসের কারিগরদের হাতে বোনা ও হাতে সূচিকর্ম করা।

এই কাজে ভারতীয় ব্র্যান্ড তিলফি বানারস যুক্ত ছিল।

আরেকটি পোশাকে ছিল গাঢ় লাল রঙের সিল্ক, গোলাপের নকশার সূচিকর্ম, পুঁতি ও ঝালর। পোশাকটির কাঠামো ছিল গাউনের মতো, তবে এতে ভারতীয় কারুশিল্পের স্পষ্ট ছাপ দেখা যায়।

সবচেয়ে বেশি নজর কেড়েছে হালকা গোলাপি রঙের একটি বলগাউন। এতে শাড়ির মতো ড্রেপিং, রুপালি সূচিকর্ম ও ঝলমলে অলংকরণ ছিল।

মডেলের মেকআপেও কপালে সিঁদুরের মতো লাল রঙের ব্যবহার দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে ভারতীয় সাজের প্রতি ডিজাইনারের ইঙ্গিত হিসেবে দেখেছেন।

ফ্যাশন নিয়ে কাজ করা ভারতীয় ব্যক্তিত্বরাও সংগ্রহটির প্রশংসা করেছেন। ডিজাইনার অনাইতা শ্রফ আদাজানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সংগ্রহটির একটি ভিডিওতে ‘আই লাভ ইট’ মন্তব্য করেন।

‘দ্য নাইনটি-নাইন পারসেন্ট’ সংগ্রহটির মূল ভাবনা ছিল সমাজের বৃহত্তর অংশের মানুষকে সামনে আনা। গত মৌসুমের ‘দ্য ওয়ান পারসেন্ট’ সংগ্রহে বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষকে কেন্দ্র করে কাজ করেছিলেন ডিজাইনাররা।

এবারের সংগ্রহে সাদা, কালো ও গাঢ় লাল রঙের পাশাপাশি ডেনিম, চামড়ার পোশাক, টারবান, টিউল স্যুট, বডিকন পোশাক ও নাটকীয় গাউনও ছিল।

শাড়ি নিয়ে আন্তর্জাতিক ফ্যাশনে নতুন করে কাজ করা অবশ্য নতুন নয়। তবে ভারতীয় পোশাক ও কারুশিল্প ব্যবহারের ক্ষেত্রে সাংস্কৃতিক স্বীকৃতি ও যথাযথ কৃতিত্ব দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।

এই সংগ্রহের ক্ষেত্রে অবশ্য ভারতীয় ঐতিহ্যের সঙ্গে ডিজাইনারের ব্যক্তিগত যোগও রয়েছে। স্টিভেন রাজ ভাসকারান মন্ট্রিয়লে জন্ম নেওয়া গায়ানিজ-শ্রীলঙ্কান বংশোদ্ভূত ডিজাইনার। ফলে প্যারিসের মঞ্চে শাড়ি ও বানারসি কারুশিল্পের ব্যবহার তার সংগ্রহে আলাদা মাত্রা যোগ করেছে।