প্রথম দেখায় মানুষ যে প্রশ্নগুলো করতে দ্বিধা বোধ করে

প্রথম দেখায় মানুষ যে প্রশ্নগুলো করতে দ্বিধা বোধ করে

ফাইল ছবি

প্রথম সাক্ষাতে সাধারণত উত্তেজনা, কৌতূহল এবং কিছুটা স্নায়বিক চাপ, সবকিছুরই সংমিশ্রণ থাকে। আপনি আপনার বিপরীতে বসে থাকা মানুষটিকে জানতে চান, কিন্তু আবার এমনও চান না যে কথোপকথনটি কোনো চাকরির ইন্টারভিউয়ের মতো শোনাক। কিছু প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, আবার কিছু প্রশ্ন মনের কোণেই থেকে যায়, কারণ অপর পক্ষ কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকে। সম্পর্কের ক্ষেত্রে তার প্রত্যাশা কী, কিংবা তার ছোটখাটো অভ্যাসগুলো কেমন, এমন পাঁচটি প্রশ্ন রয়েছে যা মানুষ প্রথম ডেটে জানতে চাইলেও জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করে।

আপনি আসলে কী খুঁজছেন?

এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি, অথচ অনেকেই খুব দ্রুত এটি জিজ্ঞেস করতে চান না। কেউ-ই নিজেকে অতিরিক্ত গম্ভীর হিসেবে তুলে ধরতে বা অন্য পক্ষকে অস্বস্তিতে ফেলতে চান না। তবে কেউ কি কোনো সিরিয়াস সম্পর্ক খুঁজছেন, নাকি ক্যাজুয়াল ডেটিং বা কেবল নতুন মানুষের সাথে পরিচিত হতে চাইছেন তা জেনে রাখলে তা পরবর্তী বিভ্রান্তি এড়াতে সাহায্য করতে পারে।

আপনার আগের সম্পর্কের ক্ষেত্রে কী ঘটেছিল?

অতীতের সম্পর্কগুলো থেকে বোঝা যায় যে, কেউ ভালোবাসা, প্রতিশ্রুতি (commitment) এবং মতপার্থক্যের বিষয়গুলোকে কীভাবে দেখেন। কিন্তু প্রথম সাক্ষাতেই প্রাক্তন সঙ্গী সম্পর্কে জিজ্ঞেস করাটা বেশ অস্বস্তিকর হতে পারে। অনেকে ভয় পান যে, এমন প্রশ্ন হয়তো কোনো অপ্রীতিকর স্মৃতি ফিরিয়ে আনবে অথবা নিজেকে অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো মানুষ হিসেবে উপস্থাপন করবে। এক্ষেত্রে কৌশলটি হলো, বিস্তারিত জানতে জোর না করে কথোপকথনটিকে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে দেওয়া।

মন খারাপ থাকলে আপনি কেমন আচরণ করেন?

কঠিন আবেগ সামলানোর উপায় একেকজনের ক্ষেত্রে একেক রকম। কেউ হয়তো তাৎক্ষণিকভাবে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলতে পছন্দ করেন, আবার কেউ হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনার আগে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর (space) চেয়ে নেন। কারো সম্পর্কে এটি জেনে রাখা বেশ কাজের, তবে প্রথম ডেটে এমন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা হয়তো একটু বেশিই ব্যক্তিগত মনে হতে পারে।

আপনি কি বর্তমানে অন্য কারো সঙ্গে ডেট করছেন?

আধুনিক ডেটিংয়ের ক্ষেত্রে, কোনো একটি নির্দিষ্ট সম্পর্কে জড়ানোর আগে একাধিক সম্ভাব্য সঙ্গীর সাথে পরিচিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবুও এই প্রশ্নটি করা অস্বস্তিকর মনে হতে পারে; কারণ সম্পর্ক শুরুর আগেই কেউ নিজেকে ‘অধিকারপ্রবণ’ (possessive) হিসেবে দেখাতে চান না। অথচ ডেটিংয়ের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা উভয় পক্ষকেই বুঝতে সাহায্য করে যে, তারা একে অপরের ক্ষেত্রে কোন অবস্থানে আছেন।

এমন কী বিষয় আছে, যার ক্ষেত্রে আপনি কোনোভাবেই আপস করতে রাজি নন?

এই প্রশ্নটি কেবল প্রিয় সিনেমা, ভ্রমণের পরিকল্পনা বা খাবারের পছন্দের গণ্ডি ছাড়িয়ে অনেক গভীরে যায়। এটি একে অপরের মূল্যবোধ, অগ্রাধিকার এবং ব্যক্তিগত সীমানা (boundaries) সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে। পরিবার, ক্যারিয়ার, জীবনধারা কিংবা ব্যক্তিগত পরিসর- যে বিষয়গুলো কারো কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা জানতে পারলে বোঝা যায় যে আপনাদের প্রত্যাশাগুলোর মধ্যে মিল আছে কি না।

প্রথম দেখাতেই কারো জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়ার প্রয়োজন নেই। অনেক সময় সবচেয়ে ভালো কথোপকথন তখনই হয়, যখন উভয় পক্ষই কোনো ধরনের বিচার বা সমালোচনার ভয় ছাড়াই খোলামেলা ও সৎ হওয়ার মতো স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে, মূল উদ্দেশ্য নিখুঁত উত্তর খুঁজে বের করা নয়, বরং একে অপরকে জানার প্রক্রিয়াটি আপনারা সত্যিই উপভোগ করছেন কি না, তা বুঝে দেখা।