ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের ঘোরাঘুরি, পরিবারের জিম্মায় মুক্তি
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে স্কুল ও কলেজে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি, অপ্রাপ্ত বয়স্কদের অবাধ মেলামেশা রোধ ও উচ্চ শব্দে অবৈধ মোটরসাইরকেল চালানো বন্ধে অভিযান চালিয়ে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) বেলা এগারটা থেকে দুইটা পর্যন্ত শহরের চায়না বাঁধ ও শহর রক্ষা বাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে ঘুড়তে আসা একাধিক তরুণ-তরুণী জুটিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে স্কুল-কলেজ ফাঁকি না দেওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তাদের অভিভাবকদের সাথেও কথা বলা হয়। একই সময়ে উচ্চশব্দে মোটরসাইকেল চালানো, কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে তরুণ-তরুণীদের বিনোদন কেন্দ্রে ঘোড়াফেরার কারণে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হচ্ছে। এগুলো রোধ করার পাশাপাশি তাদের পড়ার টেবিলে ফেরাতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সামাজিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।