চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ৯৪ জন
ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
রবিবার (৪ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ৭০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৫ জন, সিএমএইচে ৪ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের চট্টগ্রামে মোট ৪ হাজার ৮০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৯৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩৩ জন চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মারা গেছেন ১২ জন।
এদিকে, ৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে মোট ২৪১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।