বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়ার বিপক্ষে ম্যাচের পরের সেই দুঃসহ সময় এখনও ভুলতে পারেননি জেনারো গাত্তুসো। ইতালির সাবেক কোচ জানিয়েছেন, ম্যাচটির পর কয়েক মাস ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি। নিজেকে ঘুম পাড়াতে দীর্ঘ সময় হাঁটতেন বলেও জানিয়েছেন এই ইতালিয়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বসনিয়া-ইতালি ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে গাত্তুসো বলেন, ‘ঘটনাগুলোই পার্থক্য গড়ে দেয়। এগুলো আমাদের পৃথিবীর এবং জীবনেরই অংশ। আমি সব সময়ই বলেছি, ছেলেদের এবং আমার সঙ্গে কাজ করা সবাইকে ধন্যবাদ দিতে হবে। কারণ তারা নিজেদের সবটুকু দিয়েছে। এরপরও এটা স্বাভাবিক যে, এটি আমার জীবনের বাকি সময়ের জন্য একটি ক্ষত হয়ে থাকবে।’

ম্যাচের বিভিন্ন ঘটনা নিয়ে অবশ্য কোনো অভিযোগ করতে চাননি গাত্তুসো। বিশেষ করে আলেসান্দ্রো বাস্তোনির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। ভুল খেলারই অংশ। সে নিশ্চয়ই ইচ্ছা করে নিজে লাল কার্ড দেখেননি।’

গাত্তুসোর মতে, ম্যাচে দলের ভালো দিকগুলোও বিবেচনায় রাখা উচিত। তিনি বলেন, ‘আমরা যে ভালো কাজগুলো করেছি, সেগুলোও থেকে যায়। কারণ, আর যেটা আমাকে বিরক্ত করে, মনে হয় যেন শুধু ফলাফলই গুরুত্বপূর্ণ। কখনো কখনো কী করা হয়েছে এবং কীভাবে করা হয়েছে, সেটাও দেখতে হয়।’

তবে সেই ম্যাচের পরের কয়েক মাস তার জন্য সহজ ছিল না। গাত্তুসো বলেন, ‘প্রথম কয়েক মাস ঘুমাতে আমার অনেক কষ্ট হতো। নিজেকে ক্লান্ত করে ঘুমাতে পারার জন্য দীর্ঘ সময় হাঁটতাম, যাতে শেষ পর্যন্ত চোখ বন্ধ করতে পারি।’