যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
ছবিঃ সংগৃহিত।
সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন বাহিনীর ব্যবহৃত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) এই ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করার পর জরুরি ভিত্তিতে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ফেয়ারফোর্ডে থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘অপারেশনাল নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে আমাদের সামরিক সরঞ্জাম ও বাহিনীর চলাচলের তথ্য নিশ্চিত করার সুযোগ ছিল না।’ তবে তিনি নিশ্চিত করেছেন, ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে।
পেন্টাগনের ওই মুখপাত্র আরও বলেন, বি-১, বি-২ ও বি-৫২ বোমারু বিমান পরিচালনাকারী মার্কিন বিমানসেনারা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নির্ভুল দূরপাল্লার হামলা চালাতে প্রস্তুত রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড্ডয়ন করেও এসব অভিযান পরিচালনা করা সম্ভব বলে জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি মার্কিন বোমারু বিমানের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ।
গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির কাছে বিস্ফোরক বসানোর চক্রান্তের অভিযোগে পাঁচজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। দেশটির তদন্তকারীরা প্রাথমিকভাবে ওই কথিত চক্রান্তের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে ইরান এ ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
আটকের পরদিন কোনো অভিযোগ ছাড়াই ওই পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। তদন্তকারীরা তাদের ব্যবহৃত ভ্যান থেকে পেট্রোল পেলেও কোনো বিস্ফোরক ডিভাইস উদ্ধার করতে পারেননি। তবে যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এখনো চলছে।
এরপর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুলিশ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনার সন্দেহে লন্ডনে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেপ্তারের কথা জানায়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও গত সপ্তাহে ইঙ্গিত দেন, কথিত এই হামলা পরিকল্পনায় ইরানের ভূমিকা ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।