রংপুরে দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার, আটক ২
প্রতিকি ছবি
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) বিশেষ টহল দলের যৌথ অভিযানে রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করা হয়। যার মোট ওজন ৫০ কেজি এবং আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজিউর রহমানের নেতৃত্বে বিজিবি ও এসআরবি-১৩-এর সমন্বয়ে গঠিত বিশেষ টহল দল রংপুর জেলার মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে ২ জন আসামিসহ ২টি কষ্টিপাথর উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর মাহীগঞ্জ এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে মজিবর রহমান (৫৭), নগরীর বোতলা এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে মো. এনামুল হোসেন (৫৫)।
আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের রংপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।