ডিসিইউতে প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

ডিসিইউতে প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

ফাইল ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত সাত কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (অনার্স) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে। 

শিক্ষার্থীদের অভিযোগ, অযৌক্তিক অতিরিক্ত ফি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ফি এবং কেন্দ্র চার্জের নামে অতিরিক্ত ফি আদায়ের করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) কর্তৃপক্ষ।

ঢাকা কলেজের ২০২৪-২৫ সেশনের বাংলা কলেজের শিক্ষার্থী সারোয়ার হোসাইন অভিযোগ করে বলেন, ফরম ফিলাপের নামে অযৌক্তিক ফি ও চার্জের খাতগুলো কেন যুক্ত করা হলো? নিজস্ব ক্যাম্পাস থাকা সত্ত্বেও আবার কেন্দ্রের নামে ফি নেওয়া হবে কেন? টাকা বাড়ানোর জন্য তারা কি আর কোনো খাত খুঁজে পায়নি?

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের জন্য আলাদা আলাদা ফি দিতে হচ্ছে। একই শিক্ষার্থীর কাছ থেকে একই পরীক্ষার জন্য দুই জায়গার নামে আলাদা ফি নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। 

ইতিহাস বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মো. গোলাপ বলেন, বিশ্ববিদ্যালয় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল উন্নত গবেষণা, সেশনজট মুক্ত, ভোগান্তি হীন, সবার নাগালের মধ্যে এক সাবলীল শিক্ষাব্যবস্থা। আমরা কি আদৌ তা পেয়েছি?

তিনি বলেন, বাজেটে দেখলাম প্রায় ২৫০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। তাহলে এত নামে ও বেনামে টাকা নেওয়া হচ্ছে কেন? অবিলম্বে নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষার ব্যবস্থা করে ফি কমিয়ে আনার দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন বলেন, নোটিশ অনুযায়ী অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে ফি নির্ধারণ করা হয়েছিল। তবে কারিগরি ত্রুটির কারণে কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে নম্বরপত্রের ফি যোগ হয়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, ফরম পূরণের নোটিশে উল্লেখ করা ফি এবং অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে নির্ধারিত ফি এর মধ্যে কোনো তারতম্য নেই।

উল্লেখ্য, প্রথমবারের মতো অনার্স প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন শিক্ষার্থীদের জন্য ফরমপূরণ কার্যক্রম অনলাইনে শুরু করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ৬ অক্টোবর থেকে এ ফরমপূরণ শুরু হলেও অতিরিক্ত ফি গ্রহণের সমালোচনা করছেন শিক্ষার্থীরা।