জমি বিক্রি করবে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
ফাইল ছবি
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ঢাকার আফতাবনগরে থাকা ৮ দশমিক ৫৪ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। জমিটির প্রতি কাঠার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অনুমোদন দিলে এই জমি বিক্রি করবে কোম্পানিটি।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২১৩তম সভায় জমিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার রামপুরার আফতাবনগরের প্লট নম্বর এম-৩৯, রোড নম্বর ১৮, অ্যাভিনিউ-১২, সেক্টর-৩ এলাকায় জমিটির অবস্থান। এর মোট আয়তন ৮ দশমিক ৫৪ কাঠা। জমিটির প্রতি কাঠার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে ৮ দশমিক ৫৪ কাঠা জমির মোট মূল্য দাঁড়িয়েছে ১৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অনুমোদন পাওয়ার পরই জমি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৮ দশমিক ৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ৭০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে।