দীর্ঘদিন পর নির্মাণে রওনক, সত্য ঘটনা তুলে আনছেন নাটকে

দীর্ঘদিন পর নির্মাণে রওনক, সত্য ঘটনা তুলে আনছেন নাটকে

ছবি: সংগৃহীত

সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন রওনক। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘২০২৩ সালের পর নির্মাণ করা হয়নি। ‘আহারে’ দিয়ে ফিরলাম। গল্পটি সমসাময়িক। সত্য ঘটনা অবলম্বনে। একজন দরিদ্র কৃষক তার সর্বস্ব দিয়ে সন্তানকে বিদেশ পাঠায়। তার পরবর্তী বাস্তবতা ও সামাজিক মূল্যবোধ উঠে এসেছে নাটকে।’’

আগামীকাল ৯ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে ‘আহারে’। এতে নির্মাণের পাশাপাশি অভিনয়ও করেছেন রওনক। এছাড়া ফজলুর রহমান বাবুসহ রয়েছেন আরও অনেকে।  

নির্মাণ রওনক কালেভাদ্রে করলেও সেগুলো দর্শকপ্রিয়তা পায়। তবুও নিয়মিত নন কেন— জানতে চাইলে অভিনেতা বলেন, ‘আমি মূলত পেশাদার অভিনেতা। ক্যামেরার সামনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই সেখানেই সময় বেশি দেওয়া হয়। সে কারণেই নির্মাণে বেশি দেখা যায় না।’

এর বাইরেও কিছু কারণ রয়েছে বলে জানালেন অভিনেতা। বললেন, ‘নাটক মাঝে মাঝে বানাতে চাইলেও সম্ভব হয়ে ওঠে না। কেননা আগেকার নাটক নির্মাণ ও বিক্রয় প্রক্রিয়া ছিল একরকম। এখনকার প্রক্রিয়া ভিন্ন। বিষয়টি আধুনিক হলেও বেড়েছে জটিলতা। আগে গল্প শোনালেই হয়ে যেত। গল্প পছন্দ হলে প্রযোজনা প্রতিষ্ঠান বা চ্যানেল নির্মাতার ওপর আস্থা রাখত। এখন শুধু গল্পে হয় না। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ নানা কিছু থাকে। অভিনয়ের পাশাপাশি নির্মাণে এসে এগুলোতে সময় দেওয়া আমার সম্ভব না।’ 

সিনেমা নির্মাণ নিয়ে পরিকল্পনা থাকলেও এগুতে পারছেন না বলে জানালেন রওনক। পাচ্ছেন না লগ্নিকারক। বলেন, ‘সিনেমা নির্মাণের চেষ্টা একাধিকবার করেছি। বেশকিছু পাণ্ডুলিপিও করেছি। চারবার অনুদানের জন্য জমা দিয়েছি। রাষ্ট্র থেকে শুরু করে আমার সিনেমার লগ্নিকারক হবে এমন কাউকে পাইনি। তাই সম্ভব হয়ে ওঠেনি।’

বর্তমানে রওনক ব্যস্ত আছেন বেশকিছু নাটক নিয়ে। পাশাপাশি কয়েকটি সিনেমার কথাবার্তাও চলছে। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলে সে সম্পর্কে বলা যাবে না বলে জানালেন অভিনেতা।